হয় ভিক্ষা নতুবা প্রেমের আকালে
একটি পূর্ণচন্দ্র রুটির অপেক্ষায় চেয়ে আছি-
চেয়ে আছি পথ একমনে কত শত কোটি কল্পকাল!
সাদা রুটি পোড়া পোড়া কালো কালো ছোপ
কেউ তাকে কলঙ্ক বলে,
কেউ কেউ বলে গিরিখাত।
বলেছিল কবিকাল কপালের ছ্যাদা;
কালে কালে কালো হয়ে রেখে গেছে
কালসিটে দাগ। বাকিটুকু মুগ্ধতা,
অন্ধের আলো হাতড়ানো, বিবাগী স্বভাব!
নষ্টচন্দ্রের রাতে রূপ দেখে অথবা বিস্ময়ে
শীতল আলোয়, পুষ্যা বা রোহিণীর মতো
একে একে বিবশ সবাই। সকলেই
চন্দ্রাহত! সকলেই চন্দ্রাহত যখন,
চলো আজ-
চলো আজ একসাথে মরে যাই!
এছাড়াও দেখুন: ভালোবাসি না
No Comment! Be the first one.